
শান্ত মহাসাগরে একটি সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে চীন। সোমবার (৬ জুলাই) দেশটির বার্ষিক সামরিক প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসেবে এ পরীক্ষা পরিচালিত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে পরীক্ষামূলক (ডামি) ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। নির্ধারিত লক্ষ্য এলাকায় ক্ষেপণাস্ত্রটি সফলভাবে আঘাত হানে বলে দাবি করেছে বেইজিং। তবে নিরাপত্তাজনিত কারণে কোন শ্রেণির সাবমেরিন বা কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরীক্ষা তাদের নিয়মিত বার্ষিক সামরিক মহড়ার অংশ। সংশ্লিষ্ট দেশগুলোকে আগেই বিষয়টি অবহিত করা হয়েছিল এবং এটি কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে পরিচালিত হয়নি। পাশাপাশি আন্তর্জাতিক আইন ও প্রচলিত সামুদ্রিক বিধি অনুসরণ করেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও দাবি করা হয়।
চীনের ঘোষণার আগে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কর্মকর্তারাও নিশ্চিত করেন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে তারা পূর্বেই অবহিত ছিলেন।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে একই অঞ্চলে একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছিল চীনের পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্স। ফলে গত দুই বছরের মধ্যে এটি প্রশান্ত মহাসাগরের জলসীমায় চীনের দ্বিতীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।
বিশ্লেষকদের মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বেইজিংয়ের এ ধরনের পরীক্ষা বিশেষ গুরুত্ব বহন করে। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে চীন একদিকে সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে উন্নত অস্ত্র ব্যবস্থার সক্ষমতা প্রদর্শনেও সক্রিয় রয়েছে।
Somajer Alo24