
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার ‘দৈনিক সকাল বেলা’ পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ১ জুলাই বিকেল প্রায় ৬টার দিকে মিঠামইন উপজেলার ধলাই-বগাদিয়া বাজারে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে সাংবাদিক ওমর ফারুকের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। হামলায় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের সৃষ্টি হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
স্থানীয়রা দ্রুত আহত সাংবাদিককে উদ্ধার করে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, ওমর ফারুকের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এদিকে সাংবাদিকের ওপর এ ধরনের নৃশংস হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Somajer Alo24