আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
Update Time :
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
৩
Time View
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতার প্রতিবাদে এবং ফ্যাসিবাদের বিচার দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় উপজেলা যুবদল ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম সোহাগ। বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এফ এম শামীম আহসান, যুবদল নেতা আলী আজিম বাবুল, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, যুব নেতা শফিউল আজম, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি লিয়াকত তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর জিয়া মঞ্চের সভাপতি কাজী মঞ্জুরুল আলম মঞ্জু এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তারা সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।