শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ভাঙ্গায় উপজেলা নির্বাচনে জিতেই পরাজিত সমর্থকের বাদাম লুট; বেঁধে মারপিট

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৩৫৯ Time View

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় জমি থেকে জোরপূর্বক বাদাম তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান সমর্থকদের বিরুদ্ধে। এসময় বাধা দেয়ায় আকলিমা বেগম নামে এক নারীকে বেদম মারপিট করা হয়।

শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, গত ২৯ মে অনুষ্ঠিত ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হন কাওছার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোখলেছুর রহমান সুমন। শুক্রবার দুপুরে পরাজিত প্রার্থী মোখলেছুর রহমান সুমনের সমর্থক চান্দ্রা গ্রামের বাসিন্দা মোশারফ মুন্সির ক্ষেত থেকে জোরপূর্বক বাদাম তুলে নিতে আসেন বিজয়ী চেয়ারম্যান কাওছার ভূঁইয়ার সমর্থকরা।

খবর পেয়ে মোশারফ মুন্সির স্ত্রী আকলিমা বেগম বাধা দেয়। এসময় আকলিমা বেগমকে বেদম মারপিট করেন কোহিনুর, আবু তালেব, সিদ্দিক মাতবরসহ তার সহযোগীরা। পরে দুই বিঘা জমির বাদাম তুলে নিয়ে যান তারা।

আহত আকলিমা বেগম বলেন, ‘ক্ষেতে গিয়ে দেখতে পাই অনেক মানুষ বাদাম তুলে নিয়ে যাচ্ছে। আমি বাধা দিতেই ওরা আমাকে বিশ্রি ভাষায় গালিগালাজ করে মারপিট করে। প্রথমে আমাকে রশি দিয়ে বাঁধে, তারপর পুরো শরীরে আঘাত করে।’
তিনি আরও বলেন, ‘আমরা মোখলেছুর রহমান সুমনের নির্বাচন করেছি, একারণে কাওছার ভূঁইয়ার লোকজন আমাকে মারপিট করে বাদাম তুলে নিয়ে গেছে।’

আকলিমা বেগমের স্বামী মোশারফ মুন্সি বলেন, ‘খবর পেয়ে আমার স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ দিতে যাব।’

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদা বলেন, ‘আকলিমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মামুন আল রশিদ বলেন, এঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযুক্ত বিজয়ী চেয়ারম্যান কাওছার ভূঁইয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করেও তাকে পাওয়া সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24