
বিদেশে কাজ করতে ইচ্ছুকদের আর জমিজমা বা ভিটেমাটি বিক্রি করতে হবে না—এমন আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন, প্রবাসে যেতে আগ্রহীদের জন্য দ্রুত ও সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে, যাতে বিদেশযাত্রার আগেই পরিবারগুলোকে আর্থিক ঝুঁকিতে পড়তে না হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দেশের তরুণদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুললে তারা দেশে-বিদেশে সম্মানজনক কর্মসংস্থান পাবে এবং এর ফলে বেকারত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
বিদেশগামীদের বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে যাওয়ার আগে অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে গিয়ে অনেকে বাধ্য হয়ে জমিজমা বা বসতভিটা বিক্রি করেন, যা একটি পরিবারের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। এই অবস্থা থেকে মুক্তি দিতেই সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তার ভাষায়, এই ঋণের টাকা দিয়ে বিদেশে যাওয়ার খরচ মেটানো যাবে এবং পরে প্রবাসে উপার্জিত অর্থ থেকে তা পরিশোধ করা সম্ভব হবে।
জনসভায় আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশ পুনর্গঠনের সুযোগ চান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষই স্বৈরাচার উৎখাত করেছে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তাই জনগণকে সঙ্গে নিয়েই দেশের পুনর্গঠন সম্ভব। বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সমর্থন পেলে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখা হবে।
নারী ও তরুণদের গুরুত্ব তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মোট জনসংখ্যার বড় অংশ এই দুই শ্রেণির মানুষ। তাদের কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাবলম্বীকরণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ লক্ষ্যেই পর্যায়ক্রমে গৃহিণী ও মায়েদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবে। পাশাপাশি আইটি ও কারিগরি শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।
জনসভায় ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েত উল্লাহ মঞ্চে উঠে তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, “তারেক রহমান শুধু ঢাকা-১৭ নয়, পুরো বাংলাদেশের জন্যই যোগ্য নেতৃত্ব।”
Shohidul Islam
SOMAJER ALO24