বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে বিভিন্ন দেশে রাজনৈতিক দলগুলো বর্ধিত কার্যক্রম পরিচালনা করছে। তারই অংশ হিসেবে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো প্রবাসী বাংলাদেশিদের নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে নিবিড় উদ্যোগ গ্রহণ করেছে। মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খালিলুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের দিকনির্দেশনায় ভোটার নিবন্ধন কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ জাতীয়বাদী তাঁতি দলের কেন্দ্রীয় মালদ্বীপ শাখা।
এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক এস.কে. আবু মুছা—যিনি মাঠপর্যায়ে থেকে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।মালদ্বীপ বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে বিএনপি। এই দাবিকে জোরদার করতে মালদ্বীপে ব্যাপক প্রচার-প্রচারণা, সচেতনতামূলক সভা এবং কমিউনিটি কানেক্টিভিটি বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের মালদ্বীপ শাখার কেন্দ্রীয় আহ্বায়ক এস.কে. আবু মুছা জানান, প্রবাসীরা দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার।
তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং ন্যায়বিচার ও গণতন্ত্রের অংশ। তিনি আরও বলেন, মালদ্বীপে অবস্থানরত হাজারো প্রবাসী বাংলাদেশি আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে উৎসাহী, এবং তাদের সহায়তায় সংগঠনগুলো সার্বক্ষণিক কাজ করছে। এস.কে. আবু মুছা দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছেন। তিনি আশা প্রকাশ করেন যে, সরকারের সহযোগিতা পেলে আগামীর নির্বাচনেই প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্ভব হবে। মালদ্বীপ বিএনপির নেতারা মনে করেন, প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তাই এ দাবি এখন সময়ের দাবি এবং তারা এর বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর।
এস.কে. আবু মুছা জানান, অনেক প্রবাসী প্রযুক্তিগত বিভিন্ন ধাপে অভিজ্ঞ না হওয়ায় তারা প্রথমে রেজিস্ট্রেশনে দ্বিধায় পড়েছিলেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নিজেই প্রতিটি ভোটারের বাসায় গিয়ে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন।তিনি বলেন, “আমি প্রতিটি প্রবাসী ভোটারের কাছে যাচ্ছি। মোবাইলে অ্যাপ ইনস্টল করে দিচ্ছি, নিবন্ধন করিয়ে দিচ্ছি, অনলাইনে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে দিচ্ছি। যে যত সময় নিচ্ছে—আমি অপেক্ষা করছি, শেখাচ্ছি। দেশের ভবিষ্যতের জন্য এই পরিশ্রম থামবে না।” তার ব্যক্তিগত উদ্যোগে প্রবাসীরা যে সুবিধাগুলো পাচ্ছেন- ভোটার নিবন্ধন অ্যাপ ডাউনলোডে সহায়তা। অনলাইন ফর্ম পূরণ। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড। অনলাইনে ভোট প্রদানের ধাপে ধাপে নির্দেশনা।
প্রযুক্তিগত সমস্যার তাৎক্ষণিক সমাধান। রাত–দিন ঘরে ঘরে গিয়ে সহায়তা প্রদান। এর ফলে মালদ্বীপে হাজারো প্রবাসী সফলভাবে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। এস.কে. আবু মুছা আরও বলেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা মানে দেশের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করা। বিএনপির পক্ষ থেকে আমি প্রবাসী সমাজের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।” মালদ্বীপ বিএনপি সূত্র জানিয়েছে, নিবন্ধন কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে শিগগিরই প্রশিক্ষণ ক্যাম্প, ভিডিও নির্দেশিকা এবং অনলাইন সহায়তা হটলাইন চালু করার পরিকল্পনা রয়েছে।
Shohidul Islam
SOMAJER ALO24