রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংরক্ষিত ৫০ আসনে ৪৮ আসন আওয়ামী লীগের জাপার ২

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ Time View

 

স্বতন্ত্র সংসদ সদস্যদের ‘সমর্থন’ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদে ৫০টির মধ্যে ৪৮টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪–দলীয় জোটের শরিক ও স্বতন্ত্রদের সমর্থন নেওয়ার বিষয়টি আজ বুধবার নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে।

আজ দুপুরে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সই করা এ–সংক্রান্ত চিঠি ইসি সচিবের কাছে জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪–দলীয় জেটের আরও দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরাও সম্মতি দিয়েছেন, আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাঁদের মনোনয়ন দেবে, তাঁরা তাঁদের সমর্থন দেবেন।

আবু সাঈদ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আালাদা চিঠি তাঁদের সইসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছেন। এখন ইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, সব মিলেয়ে এখন সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবেন।

এক প্রশ্নের জবাবে আবু সাঈদ আল মাহমুদ বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বেচ্ছায় তাঁদের ভোটাধিকার আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবে, তাঁদের সমর্থন দেবেন, সে সম্মতি জ্ঞাপন করেছেন। ৬২ জনই তাঁদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সমর্পণ করেছেন।
আওয়ামী লীগের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।

নারী আসন বণ্টনের সুবিধার্থে সংসদে প্রতিনিধিত্বকারী দল ও স্বতন্ত্রদের কাছে জোট করার বিষয়ে জানাতে চিঠি দিয়েছিল ইসি। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৫০টি আসন বণ্টন করা হয় দল বা জোটগুলোর সরাসরি ভোটে পাওয়া আসনের সংখ্যানুপাতে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। স্বতন্ত্র সংসদ সদস্যরা জয় পেয়েছেন ৬২টি আসনে। জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। এ ছাড়া আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের শরীক জাসদ ও ওয়ার্কার্স পার্টি একটি করে এবং কল্যাণ পার্টি একটি আসন পেয়েছে। সাধারণভাবে ছয়টি আসনের বিপরীতে একটি নারী আসন পাওয়া যায়। এবারের সংসদে বাকি দুটি সংরক্ষিত আসন পাবে জাতীয় পার্টি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24